জিউসদের মাথার সঙ্গে মার্কিন টাকা জুটলে
লোকে পাগল হয়ে দুনিয়া ব্যতিব্যস্ত করে তোলে
কামান দেগেছে, পুরনো দিনের কথা মনে রেখে
অত্যাচারের পাল্টা জিনিস সে আরও বড় রোগ
বঞ্চিত যদি ক্ষমতা পায় তার রোষ ভয়ানক।
গীতা থেকে বাইবেল হাদিস কিংবা আবেস্তা
যুদ্ধের কথা লিখেছে আদিমতম নেশার মতো,
অশোকে কিংশুকে বেজে উঠেছে দামামা অতর্কিতে
ঘরে ঘরে ছুটে যায় অবিশ্বাস সিক্রেট এজেন্ট
কোথায় ঢুকে আছে কে জানে !
চোখের বদলে চোখ বহু প্রাচীন সংস্কার বলে
আজ ড্রোনের পাল্টা রকেট সাঁজোয়া সুপারসনিক
তলায় সাবমেরিন মিসাইল চলছে নির্ভুল,
বিচারের দায় যারা নিয়েছিল তারাই মেতেছে।
বিছানায় সীমানা পেতেছি নিত্য চুক্তিভঙ্গ হলে
বিষিয়ে গেছে দুনিয়া, কে যে কার সঙ্গে লড়ে যাচ্ছে
সে হিসেব নিয়ে মাথা ঘামাচ্ছি না কেউ
মহাভারতের প্রতি পর্বের মতো নিজের গর্বে
ঝাঁপিয়ে পড়েছে স্বর্গলাভের বাসনা, যেখানে অপেক্ষা
করে আছে বাহাত্তর হুর।
