আমার ছায়া আজ তোমার দিকে ফিরে আছে,
অবেলায় (হয়তো-বা) অকারণ পানকৌড়ি
উড়ে যেতে চেয়েছিল পশ্চিম সীমান্ত বরাবর
আমার মনে হল বিশাল রণতরী এক
সন্ধ্যে নামার আগে ঢুকে পড়েছে খাঁড়ি বেয়ে
শহরের পেটের ভিতর।
আমি কেন তখন নিজেকে ছায়ার কথা বলছিলাম?
যুদ্ধ কি লেগেই গেল তবে?
না কি মূর্ছা যাবার মুহূর্তে বেজে উঠেছিল
তীব্র সাইরেন, আর
এমনই কূটাভাসগুলি ছড়িয়ে পড়ছিল
ধ্বংসাবশেষের গায়ে?
এই সব দৃশ্যান্তর ভেদ করে আমার মধ্যে
জন্ম নেয় মুহূর্তের টুকরো
আমি রক্তাক্ত জামায় নেমে আসি রাস্তায়,
তোমাকে বলি সে-কথা সূর্য ডোবার আগে
যে রকম মনে এলো।
